চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য মোট ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়েছে। বিষয়ভিত্তিক আবেদনের তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি। এ বিষয়ে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন ১১ হাজার ৬৬ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের আবেদনের নির্ধারিত সময় ছিল ৭ নভেম্বর পর্যন্ত। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বর্ধিত সময় শেষে মোট আবেদনের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে ৩৪ হাজার ১৭৭ জন এবং আইসিটিতে ২৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। এ দুই বিষয়ে অকৃতকার্যের হার যথাক্রমে ৩৪ দশমিক ২৩ ও ২৬ দশমিক ৬৪ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পাঁচ জেলার ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।
গত ৩০ অক্টোবর প্রকাশিত ফলাফলে এই পাসের হার গত প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন বলে জানা গেছে। ফল প্রকাশের পর বিপুলসংখ্যক পুনর্নিরীক্ষণের আবেদন শিক্ষার্থীদের ফলাফল নিয়ে অসন্তোষের বিষয়টি সামনে এনেছে।
ইতি/
