চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ১১ জেলায় অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে আটক করা হয়েছে আরও ৫৪৯ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানের তথ্য শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে প্রকাশ করা হয়।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, পূর্ববর্তী মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ধারায় ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে পুলিশ। মাদকসংক্রান্ত মামলায় ৬১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কুমিল্লায় ২১ জন, চাঁদপুরে ১০ জন, লক্ষ্মীপুরে ৯ জন, কক্সবাজারে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন, নোয়াখালী ও ফেনীতে তিনজন করে, খাগড়াছড়িতে দুজন এবং বান্দরবানে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছে কুমিল্লায়, ২২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
