, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

চট্টগ্রামে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালু

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টসের পাশের মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করছে। এর ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় ব্যয় কমাতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাক থেকে চাল বিক্রি করা হবে। তবে চালের মজুতের ওপর ভিত্তি করে এ কার্যক্রম পরিচালিত হবে।

এ সুবিধা পেতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে তাঁদের স্বাক্ষর নেওয়া হবে, যাতে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে এ সুবিধা পৌঁছানো নিশ্চিত করা যায়।

চট্টগ্রাম নগর ও জেলায় মোট ১০টি নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। কেন্দ্রগুলো হলো—বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে, অক্সিজেন রেলগেট, দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেট, কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়, বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশ, বায়েজিদ রুবি গেট, বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়, উত্তর কাট্টলী লাকি গার্মেন্টসের পাশ, সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে এবং কেইপিজেডের স্টিল মিল বাজার।

খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত