, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 49%

সংকটে দেশের সিমেন্ট শিল্প

নিজস্ব প্রতিবেদক

উৎপাদন সক্ষমতা পর্যাপ্ত থাকলেও চাহিদার ঘাটতি, ডলারের বাজারে অস্থিরতা, কাঁচামাল আমদানির ব্যয় বৃদ্ধি এবং তীব্র মূল্য প্রতিযোগিতার কারণে কঠিন সময় পার করছে দেশের সিমেন্ট শিল্প। পরিস্থিতির চাপে কয়েকটি প্রতিষ্ঠান কারখানা বন্ধের বিষয়টিও বিবেচনা করছে। তবে গ্রামাঞ্চলে প্রবাসী আয়ের অর্থে বাড়িঘর নির্মাণ বৃদ্ধি পাওয়ায় সেখানে সিমেন্টের বাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক সম্প্রতি দেশের সিমেন্ট শিল্পের পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন।

তিনি জানান, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা ২০২২ সালের শেষ ভাগ থেকেই সিমেন্ট উৎপাদন খাতে প্রভাব ফেলতে শুরু করে। শিল্পটি কাঁচামাল আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় ডলারের বিনিময়মূল্য বৃদ্ধি এবং ঋণপত্র (এলসি) খোলার জটিলতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। একই সঙ্গে আগের আমদানির বকেয়া ও ডেফার্ড এলসির দায় পরিশোধেও সংকট তৈরি হয়। এর ফলে সৃষ্ট তারল্য সংকট থেকে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি অনেক প্রতিষ্ঠান।

শিল্পসংশ্লিষ্টদের মতে, বাজারের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি হওয়ায় কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। বিশেষ করে পণ্যের দাম নিয়ে প্রতিযোগিতার কারণে উৎপাদন ব্যয় বাড়লেও সেই অনুপাতে বিক্রয়মূল্য সমন্বয় করা যাচ্ছে না। ফলে মুনাফার ওপর চাপ বাড়ছে এবং কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে উঠছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর কমানোর দাবি জানিয়েছে বিসিএমএ। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, ক্লিংকার আমদানিতে বিদ্যমান মূল্যভিত্তিক ১৫ শতাংশ কাস্টমস ডিউটির পরিবর্তে প্রতি টনে নির্দিষ্ট ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি চুনাপাথর আমদানিতে আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া ক্লিংকার, স্লাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই হারে পণ্য বিক্রির পর্যায়েও অগ্রিম আয়কর নির্ধারণ এবং শুল্ক-কর হিসাবের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট ভ্যালুর পরিবর্তে প্রকৃত ইনভয়েস মূল্য বিবেচনার দাবি রয়েছে।

ভ্যাট ব্যবস্থায়ও সংস্কার চায় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিসিএমএর প্রস্তাব, এমএস রডের মতো সিমেন্টের ক্ষেত্রেও অভিন্ন ভ্যাট কাঠামো চালু করা হোক। এতে কর ব্যবস্থাপনার জটিলতা কমার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়তে পারে বলে মনে করছে সংগঠনটি।

মোহাম্মদ আমিরুল হক আরও মনে করেন, অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিমেন্ট শিল্পের জন্য করপোরেট করের হার যৌক্তিক পর্যায়ে আনা প্রয়োজন। একই সঙ্গে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে এ খাতে নগদ প্রণোদনা চালুর বিষয়টিও বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে সরকারি অবকাঠামো প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোতে না পারায় নির্মাণ খাতেও স্থবিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর বাজারে।

তবে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি, জ্বালানি সংকট নিরসন এবং সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর কাজ গতি পেলে সিমেন্টের চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিসিএমএ সভাপতি।

তিনি মনে করেন, ব্যাংকিং খাতের দুর্বলতা ও সামগ্রিক অর্থনৈতিক চাপ কাটিয়ে ওঠার পাশাপাশি আন্তর্জাতিক অস্থিরতা কমলে দেশের বেসরকারি শিল্প খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। এতে দীর্ঘদিনের সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হতে পারে দেশের সিমেন্ট শিল্পের জন্য।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত