চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে ১ হাজার ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাং-সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে ৫৪২ জনকে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সংশ্লিষ্ট জেলাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮০ জন, পূর্বের মামলার আসামি ৬৬ জন এবং বিভিন্ন আইনে ১৮২ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৮৫ জন, সাজা পরোয়ানাভুক্ত ৩৪ জন, মাদক সেবনের অভিযোগে ৭৬ জন এবং মাদক কারবারের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ১২৬ জনকে।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এ সময় ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪২ জনের মধ্যে ৩৩৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটকের হিসাবে সবচেয়ে বেশি ২২৬ জন কুমিল্লায়। এ ছাড়া চট্টগ্রামে ৯৫, লক্ষ্মীপুরে ৫২, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ৩১, কক্সবাজারে ২৮, বান্দরবানে ২১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, ফেনীতে ১৬, রাঙামাটিতে ১৬ এবং খাগড়াছড়িতে আটজন আটক হয়েছেন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৪ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কুমিল্লায় নয়জন, চট্টগ্রামে সাতজন, চাঁদপুরে সাতজন, নোয়াখালীতে আটজন, কক্সবাজারে দুজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন রয়েছেন।
ইতি/
