চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ প্রসাধনী ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব ক্রিমের ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ নজরদারি চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম রুটের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব প্রসাধনী আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে দেশে আনার চেষ্টা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পণ্যগুলোর অবৈধ আমদানি ও বাজারজাতকরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ প্রসাধনীসহ অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইতি/
