ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিদ্ধান্তে এসব অঞ্চল পাকিস্তানের অংশ হয়েছিল। একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ঝাড়খণ্ডের গোড্ডা আসনের বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে।
সাক্ষাৎকারে দুবে দাবি করেন, চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট একসময় ত্রিপুরার প্রাক্তন টিপরা রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আপত্তি উপেক্ষা করেই এসব অঞ্চলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বিজেপির এই নেতা আরও দাবি করেন, তৎকালীন রাজপরিবারের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই অঞ্চলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে নেহরুর ভূমিকা ও দেশভাগকালীন সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ টেনে নিশিকান্ত দুবে বলেন, বন্দরটির নিয়ন্ত্রণ ভারতের বাইরে চলে যাওয়ায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তাঁর মতে, চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার থাকলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব হতো।
তিনি বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাশাপাশি দেশভাগের সময় হারানো বলে দাবি করা চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট নিয়েও ভারতের পুনর্বিবেচনা করা উচিত।
তবে উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ড। এসব অঞ্চলকে ভারতের প্রাক্তন টিপরা রাজ্যের অংশ দাবি করে পুনরুদ্ধারের বক্তব্য নিশিকান্ত দুবের নিজস্ব রাজনৈতিক ও ঐতিহাসিক দাবি; এটিকে প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য হিসেবে বিবেচনার সুযোগ নেই।
ইতি/
