
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অধিকাংশ ইয়াবা গুঁড়ো হয়ে সড়কে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে কিছু ইয়াবা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাগুলো উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। অধিকাংশ ট্যাবলেট ভাঙাচোরা অবস্থায় থাকায় সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবার সংখ্যা সর্বোচ্চ তিন হাজার হতে পারে।
নুনাছড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ সালাউদ্দিন জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলন্ত যানবাহনের চাকায় ইয়াবার ট্যাবলেটগুলো পিষ্ট হতে দেখেন স্থানীয়রা। সাধারণত চট্টগ্রাম থেকে ঢাকার দিকে ইয়াবা পাচারের ঘটনা বেশি শোনা গেলেও এবার বিপরীতমুখী লেনে বিপুল পরিমাণ ইয়াবা পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পুলিশি অভিযানের আশঙ্কায় ইয়াবাগুলো ফেলে যেতে পারে। তবে চলন্ত কোনো যানবাহন থেকে অসাবধানতাবশত পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ নির্ধারণ এবং এর উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।
ইতি/

