, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 89%

১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত (ডকুমেন্টেড) উপায়ে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। তিনি দাবি করেন, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বিদেশে চলে গেছে। এই অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করা হয়েছে এবং সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে জনগণের আস্থা যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরু/

  • সর্বশেষ
  • পঠিত