যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ইয়াহদান ইয়াদা (Yahdan Yada) স্ত্রী আজা ইয়াদার গৃহস্থালি কাজ, সন্তান লালন-পালন এবং মাতৃত্বের জন্য নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর এই ব্যতিক্রমী অর্থনৈতিক মডেলকে কেউ গৃহশ্রমের স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ বৈবাহিক সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করার সমালোচনা করছেন।
গৃহস্থালি কাজ ও মাতৃত্বের মতো দীর্ঘদিনের অবৈতনিক শ্রমকে আর্থিক মূল্যায়নের আওতায় এনে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ইয়াহদান ইয়াদা। তাঁর দাবি, একজন পূর্ণকালীন গৃহিণী ও মায়ের শ্রমের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতেই তিনি স্ত্রী আজা ইয়াদার জন্য বিশেষ পারিশ্রমিক কাঠামো চালু করেছেন।
ইয়াদার নির্ধারিত ব্যবস্থায় সংসার পরিচালনা ও সন্তান লালন-পালনের দায়িত্ব পালনের জন্য তাঁর স্ত্রী বছরে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। এ ছাড়া প্রতিবার গর্ভধারণের জন্য অতিরিক্ত ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ কোটি টাকা প্রদান করা হয়।
শুধু এখানেই শেষ নয়, প্রতিটি সন্তানের জন্য ১৮ বছর বয়স পর্যন্ত বার্ষিক অতিরিক্ত ভাতা, ব্যক্তিগত শেফ, গৃহপরিচারিকা, স্টাইলিস্ট, মাসিক কেনাকাটার বাজেট এবং সম্পূর্ণ ব্যয়ভার বহন করে পারিবারিক ছুটির ব্যবস্থাও রয়েছে।
বর্তমানে এই দম্পতি তাঁদের পঞ্চম সন্তানের অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সব ধরনের ভাতা ও সুবিধা মিলিয়ে আজা ইয়াদার বার্ষিক পারিশ্রমিক প্রায় ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
ইয়াহদান ইয়াদা বিকল্প স্বাস্থ্যচর্চাবিষয়ক উদ্যোক্তা, লাইফস্টাইল কনটেন্ট নির্মাতা এবং ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আত্মনির্ভরতা, পারিবারিক দায়িত্ববোধ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। তাঁর মতে, মাতৃত্ব ও গৃহস্থালি কাজ সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টার দায়িত্ব; তাই এর আর্থিক স্বীকৃতি থাকা উচিত।
তবে ইয়াদার এই উদ্যোগ ঘিরে মতভেদও তৈরি হয়েছে। সমর্থকদের মতে, এটি গৃহিণীদের অদৃশ্য শ্রমের মূল্যায়নের একটি ইতিবাচক উদাহরণ। অন্যদিকে সমালোচকদের দাবি, এ ধরনের ব্যবস্থা বৈবাহিক সম্পর্ককে আবেগের পরিবর্তে আর্থিক লেনদেনে রূপ দিতে পারে এবং ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তৈরি করতে পারে।
ইতি/
