আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যেই কোরিয়া সরকারের সহায়তায় প্রস্তাবিত স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প বাস্তবায়নের বিষয়ে কোরিয়ান বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কোরিয়া এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (KEITI)-এর পরামর্শক প্রতিনিধিরা অংশ নেন। সেখানে প্রস্তাবিত প্রকল্পের কারিগরি দিক, বাস্তবায়ন পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কোরিয়ান প্রতিনিধিরা জানান, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সক্রিয় অংশগ্রহণ ও দৃঢ় প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে আন্তর্জাতিক মানের স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রয়োজন।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বর্জ্য অপসারণ ব্যবস্থা উন্নত হবে না; বরং পুনর্ব্যবহার, সম্পদ পুনরুদ্ধার এবং পরিবেশ সংরক্ষণেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এতে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ইতোমধ্যে প্রকল্পটির জন্য কোরিয়া প্রজাতন্ত্রের কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চেয়ে আবেদন পাঠিয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও টেকসই চট্টগ্রাম গড়ে তোলার প্রচেষ্টায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ইতি/
