, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

অক্টোবরেই চালু হতে পারে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

দেশের শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে হাসপাতালগুলো একযোগে চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ৫০০ শয্যার ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এর আগে গত জুনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, পাঁচটি হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হাসপাতালগুলোতে আইসিইউসহ আধুনিক চিকিৎসা সুবিধা রাখার পরিকল্পনার কথাও তখন জানানো হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাঁচটি হাসপাতালের প্রতিটির ধারণক্ষমতা হবে ২০০ শয্যা। প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিটি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।

শিশুদের চিকিৎসা রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। নতুন হাসপাতালগুলো চালু হলে সংশ্লিষ্ট অঞ্চলের শিশু রোগীদের জটিল চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শনিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের দ্বিতীয় ইউনিটের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, নতুন ইউনিটের মাধ্যমে দেশের নিউরোসায়েন্স চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগও এগিয়ে নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত