সাবেক সচিব ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী কমিটির চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনটির যুক্তরাজ্য শাখার একটি প্রতিনিধি দল।
রোববার (১৬ আগস্ট) লন্ডনের ইস্ট এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম জুয়েলসহ সংগঠনের যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সিলেট ও চট্টগ্রামের মানুষের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুই অঞ্চলের মধ্যে সামাজিক ও মানবিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়েও মতবিনিময় হয়। বক্তারা সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্য ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজনটি করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়াছিন আলতাফ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মো. মাহবুবুর রহমান, মো. আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে দুই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়েও সংগঠনটির যুক্তরাজ্য শাখা নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইতি/
