চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছর চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০৯ জনে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনজনের।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও ৬ জন চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৫ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের ১৭ আগস্টের জাতীয় প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। একই সময়ে চট্টগ্রাম বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের।
বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল বাড়ায় ডেঙ্গুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। তাই জমে থাকা পানি অপসারণ, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ জোরদার করা জরুরি।
চট্টগ্রামে প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার এই প্রবণতা ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও আরও সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরছে।
ইতি/
