, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 81%

প্রশিক্ষণ কার্যকর হলেই বদলাবে কর্মজীবনের পথ: চট্টগ্রামের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষণকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫–২০২৭ চক্রের আওতায় ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ (টিওটি) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, যে কোনো কাজ পরিকল্পিতভাবে ও গুরুত্বের সঙ্গে করা প্রয়োজন। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এমন পরিকল্পনা থাকতে হবে, যাতে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতা ব্যবহার করে বাস্তব কর্মক্ষেত্রে টিকে থাকতে পারেন। প্রশিক্ষণের কার্যকারিতা নির্ভর করে সেই দক্ষতা বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরির ওপর।

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ। প্রশিক্ষকদের দায়িত্ব হলো মানুষকে প্রয়োজনীয় দক্ষতা দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা। প্রশিক্ষণ নেওয়ার পরও কেউ যদি সেই দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে না পারেন, তাহলে প্রশিক্ষণের উদ্দেশ্য পুরোপুরি সফল হয় না।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, কোনো কাজই ছোট নয়। প্রশিক্ষণে দেওয়া সময় ও শ্রমকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। নিষ্ঠার সঙ্গে অর্জিত দক্ষতা যেন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, সেদিকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আতিয়া চৌধুরী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় পাঁচটি ট্রেডে ২০ জন করে মোট ১০০ নারী প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে শরণ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, বিভা, রিডো, ঠিকানা, স্পার, এসএসডি, পল্লী সেবা সংস্থা, প্রদীপন ও এআরপি।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের কাজের মান আরও উন্নত করার পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় রেখে পণ্য তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

ইতি/

 

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত