, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

চট্টগ্রামে দোকানপাট বন্ধের সময় মানাতে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ নিশ্চিত করতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরের জিইসি মোড় ও সার্কিট হাউস এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত জিইসি মোড়ের ইউনেসকো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। পরে রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার ও শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন কর্মকর্তারা।

অভিযানকালে দোকান মালিক, ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে পরিচালনার জন্য তাদের অনুরোধ করা হয়।

কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বুধবারের তদারকি অভিযানে কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়নি।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১২ আগস্ট সরকার দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। একই নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার কথা বলা হয়েছে। জরুরি সেবার আওতাভুক্ত খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ বিধিনিষেধের বাইরে রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত