, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 95%

নকশাবহির্ভূত ভবন নির্মাণে সিডিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক

অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বুধবার লালদিঘি ও আশকারদিঘি এলাকায় পরিচালিত অভিযানে এক ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিডিএর ভ্রাম্যমাণ আদালত লালদিঘি এলাকায় অভিযান চালিয়ে নকশাবহির্ভূত নির্মাণ শনাক্ত করে এই জরিমানা করেন। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ না করায় ভবনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোস্তফাকে হেফাজতে নেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করা হলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে ভবনের অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ভবনে সিলগালার কার্যক্রমও পরিচালনা করা হয়।

সিডিএ কর্মকর্তারা জানান, নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। অনুমোদন নেওয়ার পরও নকশার বাইরে অতিরিক্ত নির্মাণের সুযোগ নেই।

অভিযান চলাকালে কয়েকজন ভবন মালিক অনুমোদন নিয়েই ভবন নির্মাণের দাবি করেন। তবে সিডিএর পক্ষ থেকে বলা হয়, অনুমোদিত নকশা থাকলেও নির্মাণকাজে সেটি অনুসরণ করা বাধ্যতামূলক।

পরে আশকারদিঘির পাড়েও নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করে সিডিএ। সংস্থাটি জানিয়েছে, সড়কের জায়গা দখল করে বা অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

সিডিএর কর্মকর্তারা বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত