, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 95%

জাল নোটের মামলায় চট্টগ্রামে দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

জাল নোট নিজেদের হেফাজতে রাখার মামলায় চট্টগ্রামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার দিগরপালখালী এলাকার রাজীব ধর (৪৮) এবং পটিয়া উপজেলার দক্ষিণ খোলাইন এলাকার মো. জসিম (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিলের প্রধান ফটকের বিপরীতে একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় রাজীব ধরকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০০ ও ১ হাজার টাকা মূল্যমানের মোট ৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ঘটনার সময় রাজীবের সহযোগী হিসেবে জসিমকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে জাল নোট আসল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

মামলাটিতে ২০১৭ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত