চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশ।
পুলিশ জানায়, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে বিটাক মোড়সংলগ্ন মহুরী বাবুর বিল্ডিংয়ের পাশের একটি অন্ধকার গলি থেকে মো. মাসুদ প্রকাশ বাদশা (২৯) ও মো. মুছা করিম (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এরপর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে পাহাড়তলী থানার গ্রিন ভিউ আবাসিক এলাকা থেকে মো. সোহেল প্রকাশ কসাই সোহেল (৩৫)কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাসুদ ও মুছার বিরুদ্ধে পাহাড়তলী থানায় করা একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি চলতি বছরের ২১ জুলাই দায়ের করা হয়।
অন্যদিকে, সোহেলের বিরুদ্ধে ২০২৫ সালের ২৬ নভেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ রয়েছে।
পরে গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইতি/
