, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় আজ

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা শুরু হয়।

রায়কে কেন্দ্র করে নুসরাতের সোনাগাজীর বাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পরিবারের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

এর আগে গত ২০ আগস্ট ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হলে হাইকোর্ট ২৪ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। মামলাটির শুনানি শুরু হয়েছিল ২৮ জুলাই এবং মোট ১৭ কার্যদিবস শুনানি হয়।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনায় তাঁর ভাই মাহমুদুল হাসান হত্যা মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামিরা হাইকোর্টে আপিল ও জেল আপিল করেন। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।

এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে নুসরাতের পরিবারসহ সংশ্লিষ্টরা। রায়কে ঘিরে সোনাগাজীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত