আলোচিত ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টির ওপর তারা সতর্ক নজর রাখছে। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের প্রসঙ্গ তুলে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও চুক্তিটিকে ইতিবাচক হিসেবে দেখার কথা জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক জানতে চান, সম্ভাব্যভাবে বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হলে বিষয়টিকে ভারত কীভাবে দেখছে।
জবাবে জয়সওয়াল বলেন, ভারত সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের নিরাপত্তার সঙ্গে কোনো বিষয় সম্পৃক্ত হলে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে মক্কা চুক্তি প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, চুক্তিটি আরও বিস্তৃত হলে তা মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। চুক্তির সদস্যদের আগ্রহ ও প্রস্তাবের ওপর বিষয়টি নির্ভর করবে বলেও তিনি জানান।
সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও প্রশ্ন
ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাও উঠে আসে। এ ধরনের ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না এবং বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কি না—এমন প্রশ্ন করেন এক সাংবাদিক।
এর জবাবে জয়সওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ইতি/
