, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশাড়িয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকে সোনারগাঁয়ের আশাড়িয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই যানজটের সূত্রপাত বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

যানজটে আটকে পড়ে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর এলাকার বাসিন্দা।

রোগীর স্বজন তারেক আল হাসানের ভাষ্য অনুযায়ী, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি দাউদকান্দি এলাকায় পৌঁছালেও তীব্র যানজটের কারণে আর এগোতে পারেনি। প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

এদিকে যানজটে আটকে থাকা যাত্রীদের অনেকেই দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করছেন। চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি দূরপাল্লার বাসের যাত্রীরা জানান, রাত আড়াইটার দিকে তাঁরা দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় যানজটে আটকা পড়েন। সকাল ৮টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন তাঁরা।

ঢাকা–চাঁদপুর রুটের এক বাসচালক বলেন, মহাসড়কটিতে প্রচুর যানবাহন চলাচল করে। ফলে সংস্কার বা উন্নয়নকাজের সময় বিকল্প ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কার্যকর করা প্রয়োজন। দীর্ঘ যানজটে বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়ছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশাড়িয়ারচরে ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকালেও যানজট অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত