, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 86%

রোজার পরই এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

রমজান শেষে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সূচিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপাতত পরীক্ষা আরও পেছানোর কোনো কারণ দেখছেন না সরকার।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে চীন সফর-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

পরীক্ষার সময় নির্ধারণের ব্যাখ্যায় ড. মিলন বলেন, শিক্ষার্থীদের ক্লাস, সিলেবাস শেষ করা এবং পরীক্ষার আগে পড়াশোনা পুনর্বিবেচনার (রিভিউ) জন্য প্রয়োজনীয় সময় বিবেচনায় নিয়েই সূচি নির্ধারণ করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান থাকায় ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এবার রমজানের কারণে ওই সময়ে পরীক্ষা আয়োজন করা যাচ্ছে না। তাই রমজান শেষে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রমজানের আগে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অংশীজনের অনুরোধে পরীক্ষা এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হয়। কিন্তু এতে শিক্ষার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। দশম শ্রেণির ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছিল না। শিক্ষার্থীদের সামগ্রিক প্রস্তুতির জন্য এই সময়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসতে চায় সরকার। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাত্ত্বিক পরীক্ষা ১৪ মার্চ শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে এসএসসি পরীক্ষা আয়োজনের পাশাপাশি এর সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে পাবলিক পরীক্ষা ও উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল সময়সূচির মধ্যে আনার লক্ষ্য সরকারের।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের কোনোভাবেই ক্ষতির মুখে ফেলতে চায় না সরকার। পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়েই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি সম্পর্কে অনেক আগেই জানানো হয়েছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

এসএসসি পরীক্ষা আরও পেছানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমানে পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই। জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত