চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. রামিন (২১)। নিহত ব্যক্তির নাম রহিম উল্লাহ (৬৩)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রহিম উল্লাহ ভ্যানগাড়িতে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। তাঁর কাছ থেকে পণ্য নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন ছেলে রামিন। অভিযোগ রয়েছে, বিক্রির টাকা বাবার কাছে যথাযথভাবে জমা না দেওয়া এবং ব্যক্তিগত খরচ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন ১০ নভেম্বর রাতে ব্যবসার পাওনা টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তাঁর বাবাকে মারধর করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও কিছু সময় পর আবারও তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় রামিনের মারধরে রহিম উল্লাহ গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রামিনকে প্রধান আসামি করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকে অভিযুক্ত রামিনকে গ্রেপ্তারে নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইতি/
