, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার কম্পিউটার ট্রেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবার মানোন্নয়ন ও আসনসংখ্যা বাড়াতে চালু হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এই ট্রেনসেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

নতুন ট্রেনগুলোর নামকরণ করা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। আগে এই রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে আধুনিকায়নের মাধ্যমে কমিউটার ট্রেনে রূপান্তর করা হয়েছে। প্রতিটি ট্রেনে যুক্ত করা হয়েছে সাতটি করে কোচ।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ রয়েছে। পাঁচটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন এবং এসএলআর কোচে ৩৪টি আসন থাকছে। ফলে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ৩৩৪টি।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ১০ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।

অন্যদিকে, ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।

এদিকে, নতুন ট্রেন চালুর সঙ্গে এই রুটে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের আশা, উন্নত কোচ, বিদ্যুৎ সুবিধা ও যাত্রী ধারণক্ষমতা বাড়ানোর ফলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি আয়ও বাড়বে।

তবে নতুন ট্রেন চালুর পাশাপাশি রেলপথ সম্প্রসারণের দাবিও জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাঁদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ করা হোক। এতে ফটিকছড়ি অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত