, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 50%

আগ্রাবাদের ‘বালুর মাঠে’ সিডিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দীর্ঘদিনের দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় এক একর জায়গা দখলমুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রোববার (১৫ নভেম্বর) সকালে আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, ১ দশমিক ৭৩ একর আয়তনের একটি অ্যাপার্টমেন্ট প্লটের প্রায় এক একর জায়গাজুড়ে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানে পে-লোডার ব্যবহার করে এসব স্থাপনার বড় অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে গ্যারেজ হিসেবে ব্যবহৃত কয়েকটি শেড, রয়ালস অটো কেয়ার, ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস, এমিগো স্পোর্টস সেন্টার, নিউ রাহি ফার্নিচার মার্ট, চৌধুরী সুপার শপ এবং ৮ থেকে ১০টি টং দোকান। তবে মানবিক বিবেচনায় এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম ও চৌধুরী সুপার শপের মালামাল সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিন সময় দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৭ নভেম্বর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জায়গাটির অবৈধ দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ শোনেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরে সংশ্লিষ্টদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন নগরবাসীকে সরকারি জায়গায় অনুমোদনহীন স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার আগে জমির প্রকৃত মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে চুক্তি করার পরামর্শ দেন।

সিডিএর এ অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলে থাকা জায়গাটি উন্মুক্ত হয়েছে। এখন জায়গাটির ভবিষ্যৎ ব্যবহার ও পুনরায় অবৈধ দখল ঠেকাতে কার্যকর নজরদারি নিশ্চিত করার প্রত্যাশা স্থানীয়দের।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত