, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

ডিবি পরিচয়ে ব্যাংক এজেন্টকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যাংক এজেন্টকে প্রাইভেটকারে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে বসুরহাট–হাজারীহাট সড়কের চরহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক ও এজেন্ট ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ব্যাংকের বসুরহাট শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে এজেন্ট শাখায় ফিরছিলেন তিনি।

পথে চরহাজারী ইউনিয়নের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন এবং তাঁর কাছে মাদক রয়েছে বলে দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে গাড়িতে তুলে হাতকড়া পরানো হয়। পরে তাঁর চোখ ও মুখ বেঁধে মারধর করা হয় এবং সঙ্গে থাকা ১২ লাখ টাকা নিয়ে নেওয়া হয়। টাকা নেওয়ার পর তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা চলে যায়।

ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, ১২ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত মামলা বা এজাহার দায়েরের তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ছিনিয়ে নেওয়া অর্থ উদ্ধারে তদন্ত চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত