চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরের দিকে ফিরছিলেন তৌহিদ ও মাহি। ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলচালক তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহি উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদারও নিশ্চিত করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মিনিট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইতি/
