, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

নবজাতকের বদলে মায়ের ইনজেকশন, সিএসসিআরে ভুলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে এক নবজাতককে ভুল করে তার মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর চিকিৎসার জন্য শিশুটির মায়ের কাছে একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। পরে দায়িত্বে থাকা এক নার্স সেটি ভুল করে নবজাতককে দেওয়ার চেষ্টা করলে শিশুটির মা বিষয়টি জানিয়ে বাধা দেন। তবে অভিযোগ অনুযায়ী, তার আপত্তি উপেক্ষা করেই শিশুটিকে ইনজেকশনটি পুশ করা হয়।

এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনআইসিইউতে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।

শিশুটির বাবা মো. হাসান অভিযোগ করে বলেন, ইনজেকশনটি তার স্ত্রীর জন্য নির্ধারিত—এ কথা জানানো হলেও নার্স তা আমলে নেননি। তার দাবি, মায়ের আপত্তি সত্ত্বেও শিশুটিকে ইনজেকশন দেওয়া হয়।

ঘটনার পর ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পাঁচলাইশ থানার এসআই কামরুজ্জামান জানান, পুলিশ গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। প্রাথমিকভাবে ভুল করে ইনজেকশন দেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বীকার করেছেন।

এদিকে সিএসসিআর কর্তৃপক্ষও ঘটনাটিকে ভুল হিসেবে স্বীকার করেছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী জানান, খবর পাওয়ার পর দুইজন কনসালটেন্টকে ডেকে শিশুটিকে পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময় শিশুটি স্বাভাবিকভাবে কান্না করেছে এবং মায়ের দুধও পান করেছে।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শিশুটিকে আপাতত হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ১২ ঘণ্টা পরপর তার রক্ত পরীক্ষা করা হবে। শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের পর পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই শিশুটিকে হাসপাতাল থেকে নেওয়া নিরাপদ নয়। তাই প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য শিশুটিকে হাসপাতালে রাখা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত