, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

সন্তানকে সম্পত্তি দিলেও অধিকার হারাবেন না বাবা-মা

নিজস্ব প্রতিবেদক

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়। বিলটি পাসের আগে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।

সংশোধিত বিধানের আওতায় বাবা-মা বা দাদা-দাদি/নানা-নানি সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলেও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যেও এ ধরনের দানের ক্ষেত্রে জীবনকালীন ভোগের অধিকার রাখা যাবে।

বিলের বিধান অনুযায়ী, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে নির্ধারিত আইন অনুযায়ী ওই সম্পত্তির অধিকার গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে।

আইনমন্ত্রী জানিয়েছেন, প্রচলিত আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতি থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না। নতুন বিধানটি সম্পত্তি হস্তান্তরের একটি পৃথক পদ্ধতি হিসেবে যুক্ত হবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। একই সঙ্গে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইনস্বীকৃত অন্যান্য সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতেও এর কারণে কোনো পরিবর্তন বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না।

এর আগে মন্ত্রিসভা ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়ায় দাতার জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণের বিষয়টি অনুমোদন করেছিল।

বিলটি নিয়ে সংসদে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপত্তিও তোলা হয়েছিল। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর বিরোধিতা করে দাবি করেন, জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি দানের সুযোগ ইসলামী উত্তরাধিকার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তবে সরকার বলছে, নতুন বিধানটি সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র আইনি পদ্ধতি এবং প্রচলিত দান বা হেবা ব্যবস্থার ওপর এর প্রভাব পড়বে না।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত