চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর তীরে খেলতে নামার পর পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন নানার বাড়িতে বেড়াতে যায়। পরে বাড়ির আশপাশে খেলতে খেলতে তারা সাঙ্গু নদীর তীরে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই নদীর পানিতে পড়ে যায়।
শিশু দুটির নিখোঁজের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাদের পানি থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়েছে।
আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঙ্গু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতি/
