, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 95%

বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নতুন অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী প্লেনারি সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন চলবে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে গত ২ জুন গোপন ব্যালটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিসকে পরাজিত করেন। কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট। মোট ১৯০টি বৈধ ভোট পড়েছিল এবং কোনো ভোট বাতিল বা বিরত ছিল না।

জাতিসংঘের নির্ধারিত আঞ্চলিক পর্যায়ক্রম অনুযায়ী সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে ঘুরে আসে। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচনের পালা ছিল।

খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

নতুন দায়িত্বে খলিলুর রহমান এমন একটি সময়ে সাধারণ পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, যখন বিশ্বজুড়ে বিভিন্ন সংকটের পাশাপাশি বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার এবং জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সামনে রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে এবং ১০ম মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় নতুন সাধারণ পরিষদ সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’, যার অর্থ ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

দায়িত্ব গ্রহণের পর উদ্বোধনী বক্তব্যে খলিলুর রহমান জাতিসংঘের প্রতি আস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দেন। তার সভাপতিত্বে সাধারণ পরিষদের প্লেনারি কার্যক্রম পরিচালনা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার প্রক্রিয়ায় সভাপতিত্ব এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক পরিচালনার দায়িত্ব থাকবে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব রয়েছে এবং প্রতিটি রাষ্ট্রের একটি করে ভোট রয়েছে। পরিষদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, বাজেটসহ জাতিসংঘ সনদের আওতাভুক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত