, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

হংকংকে উড়িয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টানা চার জয়ে চ্যালেঞ্জার পুলে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১ এবং কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটহকির প্রদর্শন করে বাংলাদেশ। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আইরিন আক্তার রিয়া। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের গতি কমায়নি বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে স্কোরলাইন হয় ৪-০। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান আইরিন রিয়া।

ম্যাচের ৪৮তম মিনিটে লিমার দ্বিতীয় গোলের মাধ্যমে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচে আইরিন রিয়া ও মোসাম্মত লিমা দুটি করে গোল করেন। এছাড়া অধিনায়ক শারিকা রিমন ও কনা আক্তার একটি করে গোল করেন।

গ্রুপ পর্বে বাংলাদেশের আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই ছিল দাপট। চার ম্যাচে দলটি করেছে মোট ২২ গোল, বিপরীতে প্রতিপক্ষের কাছ থেকে হজম করেছে মাত্র একটি গোল।

ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে রয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। অধিনায়ক শারিকা রিমনের নামের পাশে রয়েছে ছয় গোল, আর আইরিন রিয়া করেছেন পাঁচ গোল।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে কোয়ার্টার ফাইনালে এলিট পুলের তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার নাম রয়েছে।

কোয়ার্টার ফাইনালে জয় পেলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি অনূর্ধ্ব-২১ নারী বিশ্বকাপে খেলার সুযোগও পাবে বাংলাদেশ। ফলে পরবর্তী ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হতে যাচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত