চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকা থেকে নাহিদা আক্তার মিথিলা নামে এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহারের জন্যও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
মিথিলা নগরের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নিখোঁজের পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় জিডি করা হয়।
পরিবারের অভিযোগ, জিডি করার পর তাদের কাছে অপরিচিত নম্বর থেকে একাধিকবার ফোন আসে। ফোনে মিথিলাকে অপহরণ করা হয়েছে দাবি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পাশাপাশি জিডি তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়।
মিথিলার ভাই হৃদয়ের ভাষ্য অনুযায়ী, একটি ভিওআইপি নম্বর থেকেও তার মোবাইল ফোনে কল আসে। বিষয়টি তিনি নিখোঁজ সংক্রান্ত জিডির তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন।
বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম (অব.) জানান, মিথিলার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের পুলিশের সহায়তা নেওয়া এবং থানায় নিখোঁজের বিষয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়।
এদিকে নিখোঁজের ঘটনায় করা জিডির তদন্ত কর্মকর্তা খায়রুল বাশার সাজিদ জানান, মিথিলাকে উদ্ধারে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। পরিবারের কাছে আসা ফোনকলের ফরেনসিক বিশ্লেষণের পাশাপাশি কলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মুক্তিপণ দাবির সঙ্গে কারা জড়িত বা মিথিলার বর্তমান অবস্থান সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইতি/
