, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 79%

আন্তর্জাতিক মর্টার প্রতিযোগিতায় চুয়েটের চার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চার শিক্ষার্থী আন্তর্জাতিক মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতার মূল পর্বে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (ACI) আয়োজিত ‘ACI Mortar Workability Competition 2026’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চুয়েটের দলটি।

আগামী ১১ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিতব্য ACI Concrete Convention-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতা হবে। ACI-এর তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটিতে মর্টারের প্রবাহক্ষমতা (flowability) ও স্থিতিশীলতার (stability) মতো workability ও rheological বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।

চুয়েটের দলটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের মধ্যে বাছাইপর্ব পেরিয়ে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। ACI জানিয়েছে, এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪০টি দল অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

চুয়েটের প্রতিনিধিত্বকারী চার শিক্ষার্থী হলেন—পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার ফাহাদ আলম, সুমাইয়া বিনতে মান্নান, তানজিম মোশাররাত হোসেন ও স্বরূপ চন্দ্র মোদক। তাঁদের সঙ্গে দলের সহযোগী হিসেবে রয়েছেন সানিউল হক, রূপম পোদ্দার, এস এম আমীর হামজা মাহমুদ মাহাদী ও মো. সাইজউদ্দিন ফরহাদ। সহযোগী সদস্যরা দেশে থেকেই দলটির প্রস্তুতিতে সহায়তা করবেন।

দলের উপদেষ্টা হিসেবে রয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ACI Student Chapter–CUET-এর অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম।

প্রতিযোগিতার জন্য নির্ধারিত উপকরণ ও অনুপাত অনুসরণ করে এমন একটি মর্টার মিশ্রণ তৈরি করতে হবে, যা একই সঙ্গে ভালোভাবে প্রবাহিত হবে এবং মিশ্রণের স্থিতিশীলতাও বজায় রাখবে। ACI-এর বর্ণনা অনুযায়ী, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নির্ধারিত উপকরণ ব্যবহার করে প্রতিযোগিতাস্থলেই মর্টার তৈরি করতে হবে এবং এর flowability ও stability মূল্যায়ন করা হবে। পাশাপাশি টেকসই নির্মাণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

চুয়েটের শিক্ষার্থীরা জানান, প্রয়োজনীয় বৈশিষ্ট্যের মধ্যে ভারসাম্য তৈরি করাই প্রস্তুতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এ জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বিভিন্ন অনুপাতে উপকরণ ব্যবহার করে একাধিক পরীক্ষামূলক মিশ্রণ তৈরি ও পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে মিশ্রণের কার্যকারিতা, পরিবেশগত প্রভাব ও ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

দলের সদস্য স্বরূপ চন্দ্র মোদক জানান, একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত গবেষণাগারে সময় দিতে হয়েছে। বিভিন্ন মিশ্রণ তৈরি ও পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনার মধ্য দিয়ে চার মাসের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। বিশ্বের নির্বাচিত ৪০টি দলের মধ্যে জায়গা করে নেওয়ার পর তাঁদের পরিশ্রম সার্থক মনে হচ্ছে বলে জানান তিনি।

দলের উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম জানান, চুয়েটে ACI Student Chapter প্রতিষ্ঠার পর শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। এবার সরাসরি আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় তাঁরা আনন্দিত।

ACI একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান, যা কংক্রিটের নকশা, নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান, মানদণ্ড ও নির্দেশনা উন্নয়ন ও প্রচারে কাজ করে। প্রতিষ্ঠানটির ছাত্রদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত