, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

২–৩ হাজার টাকায় স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা, শিক্ষা, সরকারি চাকরি, ফ্রিল্যান্সিং ও প্রবাসী কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে একাধিক কর্মসূচির কথা জানিয়েছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতিবছর প্রায় ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগের কথাও জানানো হয়েছে।

ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও একটি মাস্টারপ্ল্যান গ্রহণের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামো অনুমোদনের কথা জানানো হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

শিক্ষা খাতেও রয়েছে বেশ কিছু উদ্যোগ। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীর জন্য শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার দেওয়ার রূপরেখা তৈরির কথা বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষক দিবস উপলক্ষে দেশের সেরা ১০০ শিক্ষককে প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

প্রবাসী আয়ের বিষয়ে মাহদী আমিন জানান, গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের কথাও জানানো হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যাদুর্গত নেপালের জন্য ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তার উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

প্রযুক্তি সহজলভ্য করা, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, শিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা এবং প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ—বিভিন্ন খাতে সরকারের নেওয়া এসব উদ্যোগের তথ্যই সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত