সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনুমোদিত জাতীয় বেতন স্কেল-২০২৬ এখনো গেজেট আকারে প্রকাশিত হয়নি। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এর বাস্তবায়ন নিয়ে অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। অনুমোদিত কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন একবারে পুরোপুরি বাস্তবায়ন না করে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
অনুমোদিত কাঠামোয় মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বেশ কিছু আর্থিক সুবিধায় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো—
বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
নতুন কাঠামোয় বাড়িভাড়া ভাতার হার কিছুটা কমানোর প্রস্তাব রয়েছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় শতাংশের হিসাবে হার কমলেও প্রকৃত টাকার অঙ্ক অনেক ক্ষেত্রে বাড়তে পারে।
গ্রেড অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট
বর্তমানে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হার অভিন্ন ৫ শতাংশ। নতুন কাঠামোয় উচ্চতর গ্রেডের ক্ষেত্রে এই হার কমবে। গ্রেড ২০ থেকে ৬ পর্যন্ত ৫ শতাংশ, গ্রেড ৫-এ ৪ শতাংশ, গ্রেড ৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড ২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে।
চিকিৎসা ভাতায় বয়সভিত্তিক কাঠামো
নতুন ব্যবস্থায় চাকরিজীবীদের বয়স বিবেচনায় চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও বয়স অনুযায়ী চিকিৎসা ভাতার সুবিধা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
সব গ্রেডে মোবাইল ভাতা
নতুন পে-স্কেলে সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নির্দিষ্ট হারে মোবাইল ভাতা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে বর্তমানে সুবিধার বাইরে থাকা নিম্ন গ্রেডের কর্মচারীরাও এই ভাতার আওতায় আসবেন।
যাতায়াত ও টিফিন ভাতা বৃদ্ধি
যাতায়াত ভাতা বাড়ানোর পাশাপাশি টিফিন ভাতাও বৃদ্ধির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ধোলাই ভাতাসহ কয়েকটি ছোট ভাতার পরিমাণও পুনর্নির্ধারণ করা হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা
নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে, সর্বোচ্চ দুই সন্তান এই সুবিধার আওতায় আসবেন।
বাংলা নববর্ষ ভাতায় পরিবর্তন
কিছু ভাতা বাড়ানোর বিপরীতে বাংলা নববর্ষ ভাতার হার কমানোর প্রস্তাব রয়েছে। পাহাড়ি এলাকা, হাওড়, দ্বীপ ও চরাঞ্চলের জন্য বিদ্যমান বিশেষ ভাতাগুলোও নতুন কাঠামোর আওতায় পুনর্নির্ধারণ করা হচ্ছে।
পেনশন কাঠামোয় পরিবর্তন
নতুন বেতন কাঠামোয় পেনশন ব্যবস্থাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এক গ্রেড এক পেনশন বাস্তবায়নের লক্ষ্যে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণের কথা বলা হয়েছে। বয়সভেদে পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
উচ্চতর গ্রেড পাওয়ার সময় কমছে
একই গ্রেডে চাকরির নির্দিষ্ট সময় পূরণের পর উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। নতুন কাঠামোয় প্রথম উচ্চতর গ্রেডের জন্য অপেক্ষার সময় ১০ বছর থেকে কমিয়ে ৮ বছর করার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় উচ্চতর গ্রেডের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে।
বিশেষ প্রণোদনা বাতিল
২০২৪ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু করা বিশেষ প্রণোদনা নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে বাতিল করার সিদ্ধান্ত রয়েছে। ওই প্রণোদনা প্রথমে ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল।
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতায়ও পরিবর্তন
জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর বেতন ও বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভা ‘Joint Services Instructions 2026’ অনুমোদন করেছে।
কতজন উপকৃত হবেন
নতুন বেতন কাঠামোয় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখের বেশি পেনশনভোগী উপকৃত হওয়ার হিসাব দেওয়া হয়েছে। পুরো কাঠামো বাস্তবায়নে কয়েক ধাপে সরকারি ব্যয় বাড়বে।
এদিকে ৩১ আগস্ট মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত গেজেট প্রকাশের কথা জানানো হলেও ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তা প্রকাশিত হয়নি। ফলে অনুমোদিত বেতন কাঠামোর বিস্তারিত বাস্তবায়ন, বেতন নির্ধারণ ও বিভিন্ন ভাতার কার্যকর তারিখ গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
ইতি/
