দেশের চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন সাক্ষাৎকার প্ল্যাটফর্ম চালু হয়েছে। ‘হাইপো এআই’ নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি এআই পরিচালিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তির সহায়তায় প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করতে পারবে।
রোববার (৪ অক্টোবর) থেকে বাংলাদেশজুড়ে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের জন্য প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হাইপো এআইয়ের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে পরীক্ষামূলক কার্যক্রমে তিনটি নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং ১৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী যুক্ত হন। এ সময় প্ল্যাটফর্মটির মাধ্যমে তাদের সাক্ষাৎকার কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো প্রচলিত নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে প্রার্থী যাচাই-বাছাইয়ের জটিলতা কমানো। এআই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে অধিকসংখ্যক প্রার্থীর দক্ষতা মূল্যায়ন এবং নিয়োগের ক্ষেত্রে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে প্ল্যাটফর্মটি।
হাইপো এআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল পারভেজ চৌধুরী জানান, চাকরির বাজারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই তাদের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে বাংলা ভাষায় এআই পরিচালিত সাক্ষাৎকারের অভিজ্ঞতা তৈরি করে দেশের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগপ্রক্রিয়াকে আরও সহজ ও সহজলভ্য করতে চান তারা।
চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে একটি মোবাইল অ্যাপও চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রার্থীরা অ্যাকাউন্ট খুলে নিজেদের পেশাগত তথ্য যুক্ত করতে, চাকরির সুযোগ খুঁজতে এবং এআই সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। অন্যদিকে নিয়োগদাতারা প্ল্যাটফর্মে নিবন্ধন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রার্থীদের মূল্যায়নের ব্যবস্থা করতে পারবেন।
হাইপো এআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাক্ষাৎকারের পাশাপাশি প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন, ভিডিও প্রোফাইল তৈরি এবং উপযুক্ত চাকরির সঙ্গে প্রার্থীদের সংযুক্ত করার সুবিধাও রয়েছে।
প্ল্যাটফর্মটি ব্যবহার করতে আগ্রহীরা ভিজিট করতে পারেন: www.hipo.com.bd
ইতি/
