, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

২৫০ কোটি ডলারের স্টেডিয়াম প্রকল্প স্থগিত সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির মধ্যে বড় একটি অবকাঠামো প্রকল্প থেকে সরে আসছে সৌদি আরব। দেশটির নিওম মেগা প্রকল্পের আওতায় নির্মাণের পরিকল্পনা করা ২৫০ কোটি ডলারের স্টেডিয়ামটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

প্রকল্পটির অগ্রগতি নিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্মাণ খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মিড প্রজেক্টস স্টেডিয়ামটিকে ‘অন হোল্ড’ হিসেবে চিহ্নিত করেছে। সেখানে প্রকল্পটির সম্ভাব্য সমাপ্তির কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

প্রস্তাবিত স্টেডিয়ামটি সৌদি আরবের উচ্চাভিলাষী ‘দ্য লাইন’ নগর প্রকল্পের অংশ হিসেবে নির্মাণের কথা ছিল। ভূমি থেকে প্রায় ৩৫০ মিটার উঁচুতে অবস্থিত হওয়ার পরিকল্পনা করা এই ভেন্যুতে প্রায় ৪৬ হাজার দর্শকের ধারণক্ষমতা রাখার কথা ছিল।

২০২৪ সালে ২০৩৪ বিশ্বকাপের জন্য সৌদি আরবের প্রস্তাবিত ১৫টি স্টেডিয়ামের তালিকায় নিওমের এই স্থাপনাটিও অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ডিসেম্বরে ফিফা আনুষ্ঠানিকভাবে সৌদি আরবকে বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত করে।

তবে নিওম প্রকল্পের অগ্রগতি ও ব্যয় নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হওয়ায় স্টেডিয়ামটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ প্রকল্পটি আপাতত সর্বোচ্চ অগ্রাধিকারে নেই। ২০৩০ সালের আগেও প্রকল্পটির পূর্ণ বাস্তবায়ন জরুরি নয় বলে মন্তব্য করেছিলেন তিনি।

অন্যদিকে, স্টেডিয়াম প্রকল্প স্থগিত হলেও ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সামগ্রিক প্রস্তুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির পাঁচটি শহরে ১৫টি স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের মধ্যে কয়েকটির কাজ এগিয়ে চলছে।

বিশ্লেষকদের মতে, উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয়, অর্থনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সৌদি আরবের উন্নয়ন পরিকল্পনায় প্রভাব ফেলছে। ফলে দেশটি বড় বড় প্রকল্পের পাশাপাশি দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলোর দিকেও গুরুত্ব দিচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত