, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কয়েকজন সঙ্গীকে নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যান। বিকেলে শিলাইদহ পরিদর্শন শেষে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে পৌঁছান তাঁরা। সেখান থেকে বের হওয়ার সময় কয়েকজনের সঙ্গে ছবি তোলার মুহূর্তে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

এরপর একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে তাঁকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করে এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তাঁর সফরসঙ্গীরা। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করা হয়।

ঘটনার পর পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি সে সময় তাঁর জানা ছিল না।

এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা এ ঘটনার জন্য ছাত্রদলের নেতা-কর্মীদের দায়ী করেছেন। এ ঘটনায় থানায় মামলা করার কথাও জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তাঁর দাবি, এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি হামলার নিন্দা জানিয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত