চট্টগ্রাম নগরীতে ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. রুহুল আমিন (৪৫) নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে নগরীর ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে পুলিশ লাইনের বিপরীত পাশে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-১ মনসুরাবাদ এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়।
রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক রুহুল আমিন গাড়ির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা লুকিয়ে রাখার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/
