, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগে দুর্গোৎসব সম্পন্ন, বললেন মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়াকে নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে আয়োজিত প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের জন্য পূজা উদ্‌যাপন কমিটি, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে

উৎসব আয়োজনে অবদান রাখায় পূজা উদ্‌যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেয়র আরও বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে নিরাপত্তার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ, চলাচলের উপযোগী সড়ক এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি। দুর্গাপূজা উপলক্ষে নগরের বিভিন্ন পূজামণ্ডপে সহযোগিতা, আলোকসজ্জা ও বিদ্যুৎ-সংক্রান্ত ব্যবস্থাপনায় সমন্বয়, সড়ক সংস্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন।

চট্টগ্রামকে বহুধর্মীয় সংস্কৃতি ও সহাবস্থানের নগরী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। এক সম্প্রদায়ের উৎসবে অন্য সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি সামাজিক বিভাজন কমাতে সহায়ক হতে পারে।

মেয়র বলেন, দুর্গোৎসবের সফল সমাপ্তি থেকে পাওয়া সহযোগিতার শিক্ষা সারা বছর কাজে লাগাতে হবে। নগরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জননিরাপত্তা ও নাগরিক দায়িত্ব পালনে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার চর্চা অব্যাহত রাখতে হবে। সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট নিখিল নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন অঞ্জন দত্ত। বক্তব্য দেন ক্যাপ্টেন শামীম, ডা. নুরুল আবসার, বিপ্লব দে পার্থ, সৌরভ প্রিয় পাল, আশুতোষ দে, বিপ্লব সেন ও সুজন কুমার শীলসহ অন্যরা।

এ সময় রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, নটু চৌধুরী, সুকান্ত মহাজন টুটুল, প্রিয়তোষ ঘোষ রতন, রিপন রায় চৌধুরী, অধ্যাপক অসীম দে, শ্যামল চৌধুরী, রাজন দাশ, অসিক দত্ত, চন্দন পালিত, অয়ন ধর, রাসেল দত্ত, উত্তম কুমার শীল, লিটন চৌধুরী ও সৈকত মহাজন সাজুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত