, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 76%

চট্টগ্রামে চার স্থানে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবী দুর্গাকে বিদায় জানাতে চট্টগ্রাম নগরীর চারটি প্রধান স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে।

নগরীর প্রধান বিসর্জনকেন্দ্রগুলো হলো পতেঙ্গা সমুদ্রসৈকত, ফিরিঙ্গিবাজারের অভয়মিত্র ঘাট, কালুরঘাট এবং উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাট। এসব স্থানে প্রতিমা বিসর্জনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পতেঙ্গা সমুদ্রসৈকতে বিকেল ৩টায় বিসর্জন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের।

নগরীর বিভিন্ন এলাকার প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে অভয়মিত্র ঘাটে পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, কোতোয়ালী ও আশপাশের এলাকার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট এলাকার প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে কালুরঘাট সংলগ্ন নদীতীর। অন্যদিকে উত্তর কাট্টলী ও আশপাশের এলাকার ভক্তরা রানী রাসমণি ঘাটে প্রতিমা বিসর্জন দেবেন।

নগরীর বাইরে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত, সীতাকুণ্ড ও বাঁশখালীর উপকূলীয় এলাকা এবং পটিয়া ও বোয়ালখালীর বিভিন্ন নদী ও ঘাটেও প্রতিমা বিসর্জনের আয়োজন রয়েছে।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সকালে বিভিন্ন পূজামণ্ডপে পূজা ও অন্যান্য ধর্মীয় রীতি পালনের পর শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনস্থলে নেওয়া হবে। দেবীকে বিদায়ের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে।

প্রতিমা বিসর্জন ঘিরে জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ জানিয়েছেন, পতেঙ্গায় প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। ভক্তরা যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত