, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য ও সংশ্লিষ্ট নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে।

দুদকের চিঠিতে আসিফ মাহমুদ, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নামে দেশে থাকা ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, ঋণ, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর ও ডিপিএসসহ বিভিন্ন আর্থিক পণ্যের তথ্য রয়েছে। একই সঙ্গে এসব হিসাবের লেনদেন ও সংশ্লিষ্ট নথিও চাওয়া হয়েছে।

এ ছাড়া বিদেশে থাকা সম্পদ ও বিনিয়োগের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, বিনিয়োগ, ব্যাংক হিসাব, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব বিষয়ে তথ্য যাচাইয়ের অনুরোধও করা হয়েছে।

দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশি-বিদেশি কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো অনুসন্ধানাধীন; তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমেই অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাবে দুদক।

এর আগে তাঁর বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগও অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তী সময়ে নিয়োগ, পদায়ন, টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্প এবং অর্থপাচারসংক্রান্ত আরও কিছু অভিযোগ অনুসন্ধানের আওতায় আসে।

দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই বর্তমানে আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর দেশ-বিদেশের সম্পদ এবং আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ে বিএফআইইউর সহায়তা নেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত