, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 69%

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

এশিয়ান গেমসের নারী ফুটবল  টানা দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী দল।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো গোল করতে না পেরে মোট ১৬ গোল হজম করেছে দলটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে অবশ্য প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলে খেললেও ১৬ মিনিটে কর্নার থেকে কিম মিনজির গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের শেষদিকে জং দাবিনের হেডে ব্যবধান ২-০ করে দক্ষিণ কোরিয়া।

বিরতির পর গোলের ব্যবধান কমানোর চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি আক্রমণও তৈরি হয়েছিল, তবে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে নিজেদের হাতে নেয় দক্ষিণ কোরিয়া। ৬৫ মিনিটে চোই ইউরি গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৭৭ মিনিটে জি সো-ইউন এবং দুই মিনিট পর হিয়ন সুলগি গোল করলে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কো ইউজিনের গোলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান আরও বাড়তে দেননি। অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে একাদশে ফিরিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দল সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার।

টানা দুই ম্যাচে বড় পরাজয়ের ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে পড়েছে। তবে গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি। আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত