চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেইনে রিকশার গতিরোধ করে ছুরি দেখিয়ে এক যাত্রীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ২৭ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সামনে আসে। তবে ছিনতাইয়ের ঘটনাটি ঠিক কবে ও কখন ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল ফুলহাতা শার্ট ও জিন্স পরা এক যুবক এবং সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরা আরেক যুবক একটি রিকশার দুই পাশে অবস্থান নিয়েছেন। তাঁদের হাতে ছুরি দেখা যায়। একপর্যায়ে তাঁরা রিকশার যাত্রীর পথ আটকে তাঁর পকেট তল্লাশি করেন এবং টাকা ও মোবাইল ফোন নিয়ে নেন।
ভিডিওতে ভুক্তভোগীকে আতঙ্কিত কণ্ঠে ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়। এ সময় রিকশাচালককে নীরবে বসে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের কিছু দূরে একজন তরুণ দাঁড়িয়ে থাকলেও ছুরি হাতে থাকা যুবকদের বাধা দিতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
মালামাল নেওয়ার পর দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পাশের একটি ভবন থেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কোতোয়ালি থানার পেছনের সড়কে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের এমন দৃশ্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে শনিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পরে থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসমা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সকাল ৮টায় ডিউটিতে এসেছি। সতীশ বাবু লেইনে ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না।’
এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীর পরিচয়, ছিনিয়ে নেওয়া অর্থের পরিমাণ এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইতি/
