, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৫ টাকা। এ ছাড়া পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব

জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে সে অনুপাতে মূল্য সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমান আন্তর্জাতিক বাজারদরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছিল। এতে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা হতে পারে।

জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, লিটারপ্রতি ২০ টাকা মূল্যবৃদ্ধির ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

পরিবহন ও পণ্যমূল্যে প্রভাবের আশঙ্কা

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন, কৃষি, সেচ ও পণ্য সরবরাহের ব্যয় বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে। তবে নতুন মূল্য সমন্বয়ের ফলে পরিবহন ভাড়া ও পণ্যের দাম কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নতুন মূল্যতালিকা

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত