কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফা আক্তার নামে কলেজের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজ প্রশাসনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে রাখা পার্সেল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক শরিফা আক্তার কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা দাবি করেছেন, হ্নীলা থেকে তাঁর এক আত্মীয় পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। তবে তাঁর এ বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় একটি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই শেষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, মহিলা হোস্টেলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় এর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হোস্টেলটি নিয়মিতভাবে মাদক সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো—এমন কোনো তথ্য এখনো নিশ্চিত করেনি পুলিশ।
ইতি/
