, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

বায়েজিদে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মিছিল করার অভিযোগে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী স্লোগান, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ থেকে অক্সিজেনগামী সড়কের বজল সওদাগর মার্কেট এলাকায় ইমাম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২) এবং মো. সাব্বির হোসেন (৩০)। পরে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির (৩১) এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ড থানার ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহসভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন ওই থানার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই মো. আনিসুজ্জামানসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

ওসি জানান, এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত