জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে এ নোটিশ দেওয়া হয়। কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা গেছে, জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পর রোববার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন সাজ্জাদ হোসাইন। সেখানে তিনি অতীতে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি উল্লেখ করে বর্তমান মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানান।
পোস্টটির পরই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
এ জন্য তাকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, তিনি সংগঠনের প্রতি অনুগত এবং কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে নোটিশের জবাব দেবেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান, সাজ্জাদ হোসাইনকে শোকজ করা হয়েছে—এ বিষয়টি তিনি জানেন। তবে ঠিক কী কারণে তাকে শোকজ করা হয়েছে, তা তিনি নিশ্চিত নন।
এদিকে রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
ইতি/
